'মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে'

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৮:৫৫
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।'
 
চুমকি মঙ্গলবার দুপুরে গাজীপুর কালীগঞ্জের আতুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
'বাল্য বিবাহ নারী অধিকার বাস্তবায়নে প্রধানতম অন্তরায়' বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'সরকার দেশকে বাল্য বিবাহ মুক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে বাল্য বিবাহ নিরোধ আইন সংসদে পাশ করেছে।'
 
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুক্কুর, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।