কংগ্রেসের সঙ্গে জোটেই নির্বাচনে পরাজয়: মুলায়ম সিং

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৯:২৯
ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির ভরাডুবির পর শিবপাল যাদব যখন ভাইপো অখিলেশ যাদবকে কাঠগড়ায় তুলে তার থেকে ফের দলের ক্ষমতা কাড়তে তৈরি, তখন মুলায়ম সিং যাদব বললেন, এই হারের জন্য ব্যক্তিগতভাবে কেউ দায়ী নয়। তবে কংগ্রেসের সঙ্গে জোট যে হারের বড় কারণ সে কথা উল্লেখ করেছেন তিনি।
 
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রবিবার বিকালে লখনৌয়ের জ্ঞানেশ্বর মিশ্র ট্রাস্টে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মুলায়ম সিং যাদব। সেখানেই তিনি বলেন, ‘এই হারের দায় গোটা দলের। কাউকে ব্যক্তিগতভাবে এই হারের জন্য দায়ী করা ঠিক নয়।’ 
 
সোমবার হোলি উপলক্ষে এটাওয়ার সাইফাইতে তার গ্রামের বাড়িতে ছিলেন মুলায়ম। সেখানেও তিনি সাংবাদিকদের বলেন, ‘এই হারের জন্য কেউ ব্যক্তিগতভাবে দায়ী নয়। আমরা মানুষকে বোঝাতে পারিনি।’
 
 গোটা যাদব-পরিবারই হোলির সময় সাইফাইতে কাটায়। অখিলেশও আজ দলের নেতা-কর্মীদের সঙ্গে হোলি খেলেছেন। কিন্তু হোলির আনন্দও অখিলেশ-শিবপালের দূরত্ব কাটাতে পারেনি। শিবপাল এটাওয়ায় নিজের বাড়িতে হোলি উদযাপন করলেও অখিলেশের বাড়িতে যাননি। শিবপাল শিবিরের বক্তব্য, অখিলেশই বলেছিলেন, ভোটের পর তিনি দলের জাতীয় সভাপতির পদ বাবা মুলায়মকে ছেড়ে দেবেন। আনন্দবাজার।