কুমিল্লা সিটি নির্বাচনে ২৮ জনের প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২১:২৪
 
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
 
জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১৪৫জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪২জনসহ ১৯৭জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে মেয়র পদে দুইজন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে একজন এবং সাধারণ ওয়ার্ড থেকে ছয়জন সহ ৯জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ২৬জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০জনসহ ১৫৭জন প্রার্থীর বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশীদ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেনি।
 
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।