মিরপুরে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০০:৩০

কুষ্টিয়ার মিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কিষাণীদের মাঝে বিনামূল্যে উফসী আউশ ও নেরিকা বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০১৭ -১৮ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) মোশারফ হোসেন এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডী দাস কুন্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এম সাহাব উদ্দীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)  ড. হায়াত মাহমুদ, অতিরিক্ত উপ-পরিচালক(পিপি বিভাষ চন্দ্র সাহা, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি(২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক নাজিম উদ্দীন, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রুহুল কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চলতি মৌসুমে ২ হাজার ৪শ’ জন কৃষক/ কৃষাণীর মাঝে উফসী আউশ ধান বীজ রাসয়নিক সার ও ৪০ জন কৃষকের মাঝে নেরিকা ধানের বীজ ও রাসয়নিক সার বিতরণ করেন।

এর মধ্যে আউশ চাষী জন প্রতি ৫ কেজি করে ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং সেচ খরচ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে ৪শ’ টাকা এবং নেরিকা প্রতিজন কৃষকের মাঝে ১০ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ খরচ বাবদ ৪শ’ ও আগাছা ব্যবস্থাপনা বাবদ ৪শ’ টাকা বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু