বিশ্বকাপ ক্রিকেট

পেসারদের সহযোগীর ভূমিকায় স্পিনার মিরাজ

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১১:১৭

নিউজিল্যান্ড থেকে ফিরে কয়েকদিনের বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সময়টুকুতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছেন তিনি। জীবনসাথীকে নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন মিরাজ। খুলনা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে একটি ম্যাচও খেলেছেন। গতকাল বিসিবি একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলন করেছেন এই তরুণ অলরাউন্ডার।

অনুশীলনের পর সদ্য বিবাহিত মিরাজকে পেয়ে গতকাল বেশ খুঁনসুটিতে মেতে উঠেন মাশরাফি বিন মুর্তজা। আড্ডার সেই পর্ব শেষ হতেই ২১ বছর বয়সী এই ক্রিকেটার গণমাধ্যমের মুখোমুখি হন। দুই মাস পরই বিশ্বকাপ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে স্পিনিং অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন মিরাজ।

ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের জন্য উইকেটে সাহায্য কমই থাকে। সেক্ষেত্রে নিয়ন্ত্রিত বোলিং করা, রান আটকে রাখা, পেসারদের সহযোগিতা করাই নিজের মূল কাজ হবে বলে উল্লেখ করেছেন মিরাজ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে দলকে সহযোগিতা করতে চান তিনি।

গতকাল বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘সামনে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে এরপর আমরা বিশ্বকাপ খেলতে যাবো। আমার কাছে মনে হয় আমরা প্রিমিয়ার লিগ চলাকালীন যে ১ মাস সময় পাবো এই সময়ের মধ্যেই নিজেদেরকে গুছিয়ে নিতে হবে কারণ আমাদের হাতে সময় নেই। ওইরকম সময় পাবোও না, প্রিমিয়ার লিগের ফাঁকে ফাঁকে যতটুক প্রস্তুতি নেওয়া সম্ভব ততটুকুই নেব।’

ইংল্যান্ডে পেসারদের সহযোগীর ভূমিকায় নিজেকে দেখছেন মিরাজ। এই অফস্পিনার বলেছেন, ‘আমাদের স্পিনারদের যে দায়িত্ব সেটা হলো পেসারদের সহযোগিতা করা। কারণ উপমহাদেশে খেলা হলে স্পিনারদের ভূমিকাটা বেশি থাকতো। কিন্তু ইংল্যান্ডে পেসারদের সহযোগিতা করতে হবে।’

আরও পড়ুন : সংঘর্ষে ফের উত্তপ্ত পুলওয়ামা, নিহত ৪

স্পিনার হিসেবে করণীয় উল্লেখ করে ২৫ ওয়ানডেতে ২৬ উইকেট নেওয়া মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় স্পিনারদের রানটা চেক দেওয়া খুব জরুরি। কারণ ওইসব দেশে কিন্তু স্পিনাররা বেশি সাহায্য পাবে না। উইকেট না বের করতে পারলেও ইকোনমিকাল বোলিং করতে হবে। ওভার প্রতি পাঁচ, সাড়ে পাঁচ করে রান দিলে আমার কাছে মনে হয় অনেক ভালো বোলিং ফিগার। এর মধ্যে ২/১টা উইকেট নিতে পারলে তো অনেক ভালো।’

দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন মিরাজ। ম্যাচ খেলতে পেরেছিলেন একটি। তাই কন্ডিশন সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে তার। গতকাল বলেছেন, ‘ইংল্যান্ডে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, যেখানে দলের সঙ্গে আমিও ছিলাম। যদিও একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। উইকেট খুব কাছ থেকেই দেখেছি, অনেক ভালো উইকেট থাকে। আমি যদি চেষ্টা করি ভালো জায়গায় বোলিং করার তাহলে ব্যাটসম্যান অনেক সময় ভুল করে বসতে পারেন।’

ব্যাটিংয়ে লোয়ার অর্ডারেই সাধারণত ব্যাটিং করেন মিরাজ। ব্যাট হাতেও অবদান রাখার চেষ্টা করবেন এই তরুণ। গতকাল বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দলটা অনেক ভালো এবং বিপদের সময় ২০-৩০টা রান অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়েই কাজ করছি, অনেক বড় ইনিংস খেলার সুযোগ আমি পাবো না। আমার কাছ থেকে দল আশা করে ২০-৩০-৪০ এমন রান যদি স্কোরবোর্ডে যোগ করতে পারি বা শেষের দিকে একটা জুটি গড়তে পারি তাহলে দলের জন্য অনেক সাহায্য হবে। এটা নিয়েই কাজ করছি শেষের ২০-৩০টা রান কিভাবে করতে হবে।’

ইত্তেফাক/কেআই