সিরাজগঞ্জে জেএমবি নেতা আটক

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৩:৫১
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নেতা আবুল কালাম আজাদ (৬০) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে।
 
আবুল কালাম আজাদ বেতকান্দি ওই গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। তিনি স্থানীয় আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
 
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বুধবার বেলা সাড়ে ১১টায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
আবুল কালাম আজাদ ২০১২ সালে গঠিত জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।-বাসস