সীতাকুণ্ডে আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে সোয়াটের প্রস্তুতি

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০৯:৪৫
সীতাকুণ্ড পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে বিশেষায়িত বাহিনী সোয়াটের সদস্যরা
 
বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন বিশেষায়িত বাহিনী সোয়াটের সদস্যরা। এছাড়া পুলিশের সাজোয়া যান ঘটনাস্থলে পৌঁছেছে। 
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘বিকেল ৪টার দিকে তারা ওই বাড়ির নিচ তলায় প্রবেশ করতে চাইলে ভিতর থেকে জঙ্গিরা দরজা খুলে গ্রেনেড হামলা চালায়। এ সময় সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক আহত হন। পরে অতিরিক্ত ফোর্স এনে ওই বাড়ি ঘিরে ফেলা হয়। মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া না দেয়ায় সোয়াটের সদস্যরা অভিযানের প্রস্তুতি শুরু করেছে।’
 
এর আগে সীতাকুণ্ড পৌর শহরের একটি জঙ্গি আস্তানা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. জসিম উদ্দিন (৩০) ও আরজিনা বেগম (২৩)। এ সময় তাদের চার বছর বয়সী শিশু সন্তান সঙ্গে ছিল। এছাড়া ওই জঙ্গি আস্তানা থেকে দুটি বিদেশি অস্ত্র ও পাঁচ-ছয়টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।