ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২১:৫২
 
যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির সিনিয়র বিজ্ঞানী ড. জে. ক্রেইগ জেনকিন্সের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মধ্যে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
 
প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একচুরিয়াল সায়েন্স বিষয়ক শিক্ষা উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সাধারণ মানুষের দুর্যোগ ঝুঁকি প্রশমনে দুর্যোগ ইনস্যুরেন্স ব্যবস্থা চালুর ওপরও তারা গুরুত্ব আরোপ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ড. ডোয়েল রে ওকি এবং ড. জয়েস চেন।
 
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন উপস্থিত ছিলেন। 
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ আয়োজিত 'এক্সপ্লোরিং ইনস্যুরেন্স প্রোগ্রাম ফর ডিজাস্টার এ্যাফেক্টেড পিপল' শীর্ষক কর্মশালায় যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছে।