মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গী গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির সামনের গেট থেকে দুইটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পিরোজপুর ক্যাম্প পুলিশ ওই বোমা দুইটি উদ্ধার করে।
পিরোজপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই স্বপন জানান, টুঙ্গি গ্রামের মরহুম সিরাজউদ্দিন মাষ্টারের ছেলে ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ লিটনের বাড়ির লোকজন সকালে গেট খুলে ওই বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা দুইটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দুইটি কৌটায় টেপ মোড়ানো বোমা নিক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা রেখে গেছে তা নিশ্চিত নয় পুলিশ। তবে আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
