গাংনীতে কৃষক অপহরণ, আটক ২

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১২:০০
গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের কৃষক মোশাররফ হোসেন অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এরা হলেন— অপহরণের সময় মোশাররফ হোসেনের সাথে থাকা কৃষক আলফাজ উদ্দীন (৫০) ও একই গ্রামের চাঁদ আলীর ছেলে রাজমিস্ত্রি জগত আলী (৩৮)।
 
রাতেই তাদের জগত আলীকে বাড়ি থেকে ও আলফাজ উদ্দীনকে বামন্দীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় আটক করে পুলিশ। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে অপহূত কৃষক মোশাররফ হোসেনকে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, গাংনী থানার ওসি আনোয়ার হোসেনসহ জেলা গোয়েন্দা পুলিশের টিমসহ পুলিশের একাধিক টিম এ অভিযান চালান। তারপরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।