হাটহাজারী পৌর এলাকা থেকে মো. সাকিব (১৪) নামে হেফজ বিভাগের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটহাজারী পৌর এলাকার মিরেরখীল সালেমিয়া জামালুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী সাকিব গত ৭ মার্চ সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে নিখোঁজের পিতা মো. শাহজাহান বাদী হয়ে ১৫ মার্চ বুধবার হাটহাজারী মডেল থানায় সাধারণ ডাইরি রুজু করেন। যার নং ৮১৪/১৭। সাকিব উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের মুল্লুক শাহ চৌধুরী বাড়ীর মো. শাহজাহানের পুত্র।
সাকিবের বাবা শাহজাহান জানান, উল্লেখিত মাদ্রাসা অধ্যক্ষ রাত আনুমানিক নয়টার দিকে মোবাইল ফোনে সাকিব নিখোঁজ হওয়ার খবর আমাকে জানান। গত ৭ মার্চ মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর প্রায় ৮ দিন যাবত্ তাকে সম্ভব্য আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আবু তৈয়বের কাছে মোবাইল ফোনে সাকিবের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চাইলে জানান, সাকিব মাদ্রাসা থেকে টাকা ও রসিদ বই চুরি করে পালিয়েছে। তবে টাকা চুরি ও রশিদের বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
