দক্ষিণাঞ্চলের জেলাগুলো রাজস্ব আয়ে বাহাদুরি দেখাচ্ছে: এনবিআর চেয়ারম্যান

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৫৯
 
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সচিব মো. নজিবুর রহমান বলেছেন, বাগেরহাট হচ্ছে বাহাদুরদের অঞ্চল। বাগেরহাট-সাতক্ষীরা, যশোর তথা খুলনা বিভাগ রাজস্ব আয়ে বাহাদুরি দেখাচ্ছে। দেশের রাজস্ব আয়ে সিংহভাগই আসছে এই দক্ষিণাঞ্চল থেকে।
 
তিনি আরো বলেন, মংলা বন্দর বিশেষ ইকোনমি জোনের জন্য প্রস্তুত হয়েছে। যার কারণে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত। যারা সৎ ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে রাজস্ব আদায়ে বিশেষ প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে পারি আমরা। 
 
সকলকে একযোগে কাজ করার পাশাপাশি নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি। 
 
বুধবার রাতে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক–বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা কর দেব, স্বাবলম্বী হবো। আপনারা কর দিলে সরকারি কোষাগারে সে কর জমা হয়। তা উন্নয়ন কর্মসূচিতে কাজে লাগে। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি। আপনাদের করের টাকা সদ্ব্যবহার হয়। পদ্মা সেতু করের টাকা দিয়ে হচ্ছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মল হোসেন ,বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট চেম্বারের সভাপতি লিয়াকত হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।