দিনের শেষে ব্যাটিং ধস

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:৪৩
দারুণ শুরুর পর আবারো ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে ভালো ব্যাটিং শেষে হঠাৎ উইকেট পতনের হিড়িকে মাত্র ৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে বিপাকে টাইগাররা।
 
দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে টাইগাররা। উইকেটে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
 
তামিম-সৌম্যর দারুণ উদ্বোধনী জুটির ভিত্তিতে দারুণ প্লাটফর্ম পেয়েছিলেন সাব্বির ও ইমরুল। কিন্তু বাংলাদেশ ইনিংসের ৫৭তম ওভারটি করতে এসে খেলার রাশ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেন শ্রীলঙ্কার বোলার লক্ষণ সান্দাকান। ওভারের তৃতীয় বলে চার মারার পরে চতুর্থ বলটিতে এলবিডব্লিউ হয়ে দলীয় ১৯২ রানে ফেরত যান ইমরুল কায়েস। ৩৪ রান করে ইমরুল ফেরত যাওয়ার পরের বলেই আবারো এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।
 
IMG0
 
জোড়া ধাক্কার রেশ কাটতে না কাটতেই পরের ওভারেই উইকেট বিলিয়ে আসেন সাব্বির। ওয়ানডে মেজাজে খেলতে থাকা সাব্বির দলীয় ১৯৮ রানে লাকমলের শর্ট বলে পুল করতে গিয়ে ধরা পড়েন ডি সিলভার হাতে। আউট হওয়ার আগে ৫৪ বলে ৪২ রান করেন সাব্বির। ১৯২ থেকে ১৯৮ এই ৬ রান ও ৭ বলের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শেষটা আর কোনো উইকেট না হারিয়ে শেষ করেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সাকিব ও মুশফিক। 
 
অথচ বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় দিনটা সম্পূর্ণ বাংলাদেশের হতে পারতো। দিনের শুরুতে হতাশা উপহার দিয়েছেন দিনেশ চান্ডিমাল। ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে দিন শুরু শ্রীলঙ্কার শেষ তিন উইকেট তুলতে ১০০ রান খরচ করতে হয়েছে বাংলাদেশের বোলারদের। চান্ডিমালও তুলে নিয়েছেন সেঞ্চুরি। তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিতেই আসে ৯৫ রান। 
 
IMG1
 
অর্ধশত রান থেকে মাত্র ১ রান দূরে থাকতে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। এরপর আবারো সেঞ্চুরির প্রত্যাশা জাগিয়ে অর্ধশত রানেই ফিরে গেলেন সৌম্য সরকার। দলীয় ১৩০ রানের মাথায় স্পিনার লক্ষণ সান্দাকানের বলে বোল্ড হওয়ার আগে ৬১ রান করেন সৌম্য। এর আগে গল টেস্টে ৭১ ও ৫৩ রানের দুটি ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিকইনফো।