পাঁচ হাজার রানের ক্লাবে স্মিথ

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:৪৫
 
টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।
 
রাঁচি টেস্টে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ১১৭ রানে অপরাজিত আছেন স্মিথ। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার ২০তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
 
অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুত পাঁচ হাজার রান পূর্ণ করেছেন স্মিথ। নিজের ৯৭তম ইনিংসে এ রান করেন তিনি। ৫৬ ইনিংস কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান ও ৯৫ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করার রেকর্ড রয়েছে সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের।
 
দ্রুত এ মাইলফলক স্পর্শের বেলায় অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হলেও, বিশ্বের মধ্যে সপ্তম ব্যাটসম্যান স্মিথ। সপ্তমস্থানে তার সঙ্গে আরও আছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড ও কেন ব্যারিংটন। তারাও ৯৭তম ইনিংসে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এই তালিকায় সবার উপরে আছেন- ব্র্যাডম্যান। এরপর আছেন ইংল্যান্ডের স্যার জ্যাক হবস, ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচাডর্স ও অস্ট্রেলিয়ার হেইডেন। -বাসস।