গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনে লাইনচ্যুত বগি উদ্ধার শুরু করেছে রেলওয়ের প্রকৌশলীরা। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
এর আগে সকাল ৬টা ৩৭ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগি (বগি নম্বর ৮৩০৫) বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল বন্ধ থাকায় ধীরাশ্রম ও ভাওয়াল গাজীপুরসহ বিভিন্ন ষ্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। এতে হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) শহিদুল ইসলাম, বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক আরিফুজ্জামান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৬ট ৩৭ মিনিটের দিকে ট্রেনের পেছনের বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হয়ে অর্ধেক অংশ লাইনের উপর পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
তিনি জানান, লাইনচ্যুত বগিটি সরানো হয়েছে। আশা করা যাচ্ছে, এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
