যুক্তরাজ্যের ওয়াও ফাউন্ডেশনের অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করছে ওয়াও-উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ৫ ও ৬ এপ্রিল এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
এ ফেস্টিভ্যাল শুরুর পূর্বে আজ সোমবার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সম্মেলনে প্যানেল আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, মঙ্গলদীপের প্রতিষ্ঠাতা সারা যাকের, লিপিং বাউন্ডারিজের প্রতিষ্ঠাতা পরিচালক সাগুফে হোসেন এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাশাফি হোসেন।
সাউথব্যাংক সেন্টারের সহায়তায় ওয়াও ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন : রাজধানীতেই কর্তৃত্ব হারালেন এরদোগান
গত বছর ব্রিটিশ কাউন্সিল রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে ওয়াও চ্যাপ্টারস-এর কয়েকটি অনুষ্ঠান আয়োজন করে। দেশের পাঁচটি বিভাগীয় শহরে ওয়াও চ্যাপ্টারস আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ওয়াও ঢাকা ফেস্টিভ্যাল।
এর আগে অনুষ্ঠিত ওয়াও চ্যাপ্টারসে ২৫ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করে। দক্ষিণ এশিয়ার কিশোরী ও নারীরা যেসব সমস্যা বা বাধার মুখোমুখি হন তা নিয়ে এবং পাশাপাশি তাদের নানা সফলতাকে উদযাপন করতে অনুষ্ঠিত হবে ‘ওয়াও ঢাকা ২০১৯’।
এতে অংশগ্রহণের জন্য ফেস্টিভ্যালের পূর্বেই নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://www.britishcouncil.org.bd/en/wow-dhaka-2019-0
ইত্তেফাক/কেআই

