নওগাঁয় অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৩৪
নওগাঁয় প্রেমিকাকে পাবার আশায় প্রেমিকার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন কথিত প্রেমিক কৌশিক ফয়সাল (২৪) নামে এক যুবক। 
 
গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র উদ্ধার করে প্রেমিক ফয়সালসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামের।
 
নওগাঁ গোয়েন্দা পুলিশের ওসি জাকিরুল ইসলাম জানান, নওগাঁ সদর থানার চকবুলাকী গ্রামের ইকবাল হোসেন দুলুর মেয়ে রিয়া মুনির গত ১৫ ফেব্রয়ারি চট্টগ্রামের পতিয়া থানার রতনপুর গ্রামের সৌদি আরব প্রবাসি  ইসরাফিল আলম ওরফে রাজু শীলের সাথে বিয়ে হয়। 
 
শুক্রবার ছিল রিয়ার আনুষ্ঠানিক বিদায় ও বৌভাত। প্রেমিকা রিয়াকে পেতে ও তার স্বামী রাজু শীলকে ফাঁসাতে রিয়ার বাড়ির গোসল খানার পাশে চুলার পাড়ে একটি দেশীয় পিস্তল রেখে রাজু শীলকে অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে প্রেমিক ফয়সাল গোয়েন্দা পুলিশে খবর দেয়। গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করে এবং  এটি ষড়যন্ত্র বুঝতে পেরে প্রেমিক ফয়সাল ও তার ৩ সহযোগিকে গ্রেফতার করে। 
 
ফয়সাল নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের সেলিম রেজার ছেলে। ফয়সালের ৩ সহযোগী হলেন বক্তারপুর গ্রামেরমকলেছুর রহমানের ছেলে ফারুক হোসেন(২৪), একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রিপন হোসেন(২২) ও নওগাঁ শহরতলীর ইয়াদালির মোড়ের আব্দুর রশিদের ছেলে আল রাহিত রিমন (২৫)।
 
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান নওগাঁ গোয়েন্দা পুলিশের ওসি জাকিরুল ইসলাম।