গোপন বৈঠক চলাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে জামাতের তিনকর্মীকে অস্ত্র, গুলি, ম্যাগজিন, গানপাউডার, বিপুল সংখ্যাক জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২), একই গ্রামের সেত্তাজ আলির ছেলে আশরাফুল হক (৫০) ও সাতক্ষীরার কতোয়ালী থানার রায়পাড়া গ্রামের মৃত আরশাদ আলির ছেলে তৈমুর রহমান (৫০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে এসআই রবিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইটি পিস্তুল, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, দেড় কেজি গান পাউডার বিপুল সংখ্যাক জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদসহ উক্ত তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
তিনি আরো জানান, আটককৃতরা হলেন জামায়াতের কর্মী এবং ঐ সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
