শিক্ষাঙ্গনে স্থিতিশীল অবস্থা এবং শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতৃবৃন্দ। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সম্প্রতি বিভিন্ন হলে সিট বন্টনকে কেন্দ্র করে পরস্পরের প্রতি দোষারোপ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের নাজেহাল করা হয়েছে এ কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূক্তিকরণ ও ইনস্টিটিউটে রূপান্তরের দাবির অজুহাতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন-কর্মসূচি পালনের নামে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টিসহ শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট এবং আইন-শৃঙ্খলার অবনতিরও আশংকা দেখা দিয়েছে।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ব্যাপক প্রসার ও উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সেশন জট নাই বললেই চলে, যা এক সময় ছিল শিক্ষা প্রতিষ্ঠানে একটি বড় ব্যাধি।-বাসস।
