নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে বজ্রপাতে মো. সেলিম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বৃষ্টি শুরু হলে কৃষক মো. সেলিম তার গরু আনতে বাড়ি থেকে বের হয়ে মাঠে যাবার পথে তিনি বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। নিহত সেলিম ঐ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন।
এদিকে দুপুরের জেলার অধিকাংশ এলাকায় ঘণ্টাব্যাপী ভারি বর্ষণের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে উঠতি রবি ফসলের মধ্যে তরমুজ, ভাঙ্গি, মরিচ, টমেটো, শাক-সবজিসহ বিভিন্ন জাতের ফসলের ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে দেশি আমের গুটি। বর্ষণ ও শিলাবৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দফতর থেকে তাৎক্ষণিক জানাতে পারেনি।
