মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:৫৯
 
মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি এম. আবদুল্লাহিল বাকিকে (১০৩) অবশষে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার রাত সোয়া ৮ টার দিকে তার নিজ বাসভবন সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বাকিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাকে তার বাড়ি সদর উপজেলার বুলারাটি গ্রামের নিজ বাড়িতে ঘেরাও করে রাখে পুলিশ। তার বয়স একশো বছরের উর্ধ্বে থাকায় পুলিশ তাকে তখনই গ্রেফতার না দেখিয়ে নজরবন্দী করে রাখে।
 
আজ রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আগামীকাল রবিবার সকালে তাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক গতকাল জানিয়েছিলেন, আবদুল্লাহিল বাকিকে তার বাড়িতে পুলিশ ঘেরাও করে রেখেছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সতর্কতার সঙ্গে রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। 
 
তিনি আরো বলেন, এম, আবদুল্লাহেল বাকি মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনালের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি।
 
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ গত ৮ মার্চ বাকিসহ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ওই তিন রাজাকারকে অবিলম্বে আটকের দাবিতে গত ১২মার্চ সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা-জনতা। বাকির বিরুদ্ধে একাত্তরে একাধিক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার অভিযোগ আছে। বাকি তৎকালীন সাতক্ষীরা মহাকুমার রাজাকার বাহিনীর প্রধান ছিলেন বলে জানা গেছে।