লালমনিরহাটে শিবির নেতা গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৬:৩৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাসানুল হক বান্নাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড় এলাকা থেকে নাশকতার মামলায় হাসানুলকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত হাসানুল হক বান্না হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুনা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি ছাত্র শিবিরের হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি। গ্রেফতারের পর তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে কালীগঞ্জ থানা পুলিশ জানায়।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ইত্তেফাককে জানান, হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাসানুলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। পুলিশ আরও জানায়, হাসানুল কালীগঞ্জ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার কালীগঞ্জ উপজেলার চৌধুরীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
 
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র শিবিরের সভাপতি হাসানুল হক বান্নার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।