নরসিংদীতে বাল্যবিবাহ বন্ধে জেলা প্রশাসনের সঙ্গে ৮১ প্রতিষ্ঠান

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:২৩
নরসিংদীতে বাল্য বিবাহ বন্ধে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করবে সরকারি ও বেসরকারি ৮১টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জেলাব্যাপী বাল্য বিবাহ বন্ধ ও জনসচেতনা সৃষ্টিতে কাজ করবে। একইসঙ্গে বাল্য বিবাহের যাবতীয় তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করবে।
 
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জেলাব্যাপী ছড়িয়ে আছেন। এ কারণে বিপুলসংখ্যক মানুষের একটি সম্মিলিত উদ্যোগ বাল্যবিবাহ রোধে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এই উদ্যোগের ফলে অচিরেই নরসিংদী বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
 
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহারিয়ার ও সাধারণ সম্পাদক শফিকুল মানিকসহ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।