‘যমুনায় আরেকটি রেলসেতু নির্মাণ করা হবে’

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:৫৮
উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ আরও বৃদ্ধি করতে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশেই আরেকটি প্যারালাল রেল সেতু নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। 
 
রবিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী-খুলনা রুটের ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের নতুন কোচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। 
 
তিনি বলেন, ‘রাজশাহীসহ উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে আরও বেশি করে ট্রেন প্রয়োজন আছে। কিন্তু যমুনার ওপরে যে সেতু আছে, তাতে বেশি ট্রেন চালানোর ক্যাপাসিটি নাই। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যমুনার ওপর যে বঙ্গবন্ধু ব্রিজ আছে, তার সাথে আরেকটি প্যারালাল রেল ব্রিজ নির্মাণ করা হবে।’
 
মন্ত্রী বলেন, নতুন এই ব্রিজের নাম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। জাপানি অর্থায়নে এই ব্রিজটি করা হবে। আমরা অনেক দূর এগিয়েছি। এ প্রকল্পে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। নির্মাণ কাজের অতি তাড়াতাড়ি আমরা টেন্ডার করতে পারবো। টেন্ডার হলে যারা নির্মাণ কাজের ঠিকাদারী পাবে, তারা অতি তাড়াতাড়ি কাজ শুরু করবেন। যমুনার ওপর বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ আরেকটি মাইল ফলক হবে। আরও বেশি করে ট্রেন আসবে, উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের যাত্রীরা রেলের মাধ্যমে আরও বেশি করে সেবা পাবেন।