বৈশাখী স্বাদে

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৪৬

আসছে বৈশাখ। পরিবারের সদস্য বা অতিথি আপ্যায়নে দেশীয় খাবারের আয়োজন করতে চান সবাই। আর সেই খাবারগুলো যদি একটু ব্যতিক্রমী ও মজাদার হয় তাহলে তো কথাই নেই! তেমন ৩টি রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী

 

খেরকোল ভর্তা

 

উপকরণ :খেরকোল কচু ১ আঁটি, পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ, রসুন কুঁচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫টি, শুকনা মরিচ ২টি, লেবুর রস ৩ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ। 

রন্ধন প্রণালি :খেরকোল কুঁচি করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও শুকনা মরিচ হালকা ভেজে রসুন কুঁচি ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ ও রসুন নরম হয়ে এলে সিদ্ধ করা খেরকোল দিয়ে নাড়ুন। কচু ঘণ্ট হয়ে এলে লেবুর রস ছড়িয়ে চুলা বন্ধ করুন। 

 

 

 

কাঁচা আমের ঠাণ্ডাই

 

উপকরণ :কাঁচা আমের কুঁচি ১ কাপ, পানি ২ কাপ, কাঁচামরিচ কুঁচি ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ।

রন্ধন প্রণালি :কাঁচা আমের কুঁচির সঙ্গে পানি ও কাঁচা মরিচ কুঁচি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার আমের জুসের সঙ্গে চিনি, বিট লবণ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

 

কলাপাতায় রুই মাছের ছেঁকা

 

উপকরণ :রুই মাছ ৪ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, পেঁয়াজ বাটা, ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, হলুদ ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, কলাপাতা ১০ ইঞ্চি আকারের ৩টি। 

রন্ধন প্রণালি :পাত্রে মাছের সঙ্গে একে একে সব উপকরণ একসঙ্গে মেশান। এবার একটি কলাপাতায় তেল ব্রাশ করুন। এরপর মিশ্রণটি পাতায় ঢেলে মুড়িয়ে বাকি দুটি পাতা দিয়েও মুড়িয়ে নিন। এবার পার্সেলটি প্যানে রেখে ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট রাখুন। পার্সেলটি উল্টে আরও ১০ মিনিট চুলায় রাখুন।