মাগুরায় ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ২০ মার্চ ২০১৭, ০২:০৫

মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখার সীমাখালীতে চিত্রা নদীর উপর লোহার ব্রিজটি ভেঙে পড়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বাঁশের সাঁকো দিয়ে চিত্রা নদী পার হচ্ছেন। মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের জেলার শালিখার সীমাখালীতে চিত্রা নদীর উপর লোহার সেতু ছিল। গত ১৩ ফেব্রুয়ারি সকালে প্রচণ্ড শব্দে ব্রিজটি ভেঙে পড়ে।

 

ফলে মাগুরা-যশোর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-খুলনার অধিকাংশ বাসই এই সড়ক দিয়ে চলাচল করতো। কিন্তু ব্রিজ না থাকায় যাত্রীদের ঝিনাইদহ ঘুরে যেতে সময় ও টাকা দুটোই বেশি লাগছে। মাগুরা থেকে যশোরগামী বাস সীমাখালী পর্যন্ত যাচ্ছে। যাত্রীরা বাঁশের সাঁকো দিয়ে চিত্রা নদী পার হয়ে যশোরের বাসে উঠছে। একইভাবে যশোর থেকে মাগুরাগামী যাত্রীরা সীমাখালীতে এসে সাঁকো দিয়ে নদী পার হয়ে মাগুরাগামী বাসে উঠছেন। এর ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

একঘন্টা বিশ মিনিটে যেখানে যশোরে যাওয়া যেতো সেখানে অধিক সময় নষ্ট হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে ব্রিজ নির্মাণের কাজ শুরুর দাবি জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু