নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৪:২১
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭ উদযাপন করেছে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের চিত্রাঙ্কর প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বাংলা বর্ণমালা’ এবং ‘শহীদ মিনারে প্রভাত ফেরি’। রঙ-তুলি আর বর্ণিল সাজে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কিংস বরো কমিউনিটি কলেজের চিত্রকলার শিক্ষক জেমী উইলকিনসন, ফাউন্ডেশন ফর আর্ট এন্ড মেমরির পরিচালক চিত্রশিল্পী জ্যাক স্যাল এবং স্থানীয় চিত্রশিল্পী লেইন উইটকম।
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতির পিতার ওপর একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমেবেত শিশুরা। কুইজের প্রশ্নোত্তরে শিশুদের সক্রিয় সমবেত অংশগ্রহণ তাদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক সমন্ধে জানার সুযোগ করে দেয়।
  
চিত্রাঙ্কর প্রতিযোগিতায় তাসনিয়া নুর এবং নওশিন রহমান দুটি বিভাগে প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ‘বঙ্গবন্ধু ক্রেস্ট’ প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় প্রবাসী বাঙালি ও মিশনের অফিসিয়ালদের ৪৮ জন সন্তান অংশগ্রহণ করে।
 
দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্বে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। এতে জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ও কূটনীতিক সম্পর্ক স্থাপনে জাতির পিতার ভূমিকার বিভিন্ন দিক তোলা ধরা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এমপি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিক, মিডিয়া প্রতিনিধিসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।