ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকা থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত বস্তায় ৪০ মেট্রিক টন চালসহ দুইটি ট্রাক আটক করেছে র্যাব-১৪। সোমবার সকালে ঘটনাস্থল থেকে চাতালকল মালিকসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হল,উপজেলার দুর্গাপুর গ্রামের কামাল মিয়া, ট্রাক চালক ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মোঃ জসিম উদ্দিন,ট্রাক হেলপার একই এলাকার রানা,ট্রাক চালক শেরপুর জেলা সদরের আবদুস ছাত্তার ও ট্রাক হেলপার মুসলিম মিয়া। র্যাব ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দুটি ট্রাকে নরসিংদীর শিবপুর ও শেরপুর জেলা সদর থেকে দুটি ট্রাকে করে সরকারি চাল আশুগঞ্জে নিয়ে আসা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ভোরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা উপজেলার আলমনগর এলাকা ঘিরে ফেলে।
পরে আলমনগরের মক্কা-মদিনা এগ্রো ফুড নামের একটি চাল সুটার মিলে অভিযান চালিয়ে মিলের সামনে থাকা দুটি ট্রাক থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৮শ’ বস্তা (৪০ মেট্রিক টন) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিল মালিক কামাল এবং দুই ট্রাকের চালক ও হেলপারদের আটক করা হয়। এ ব্যাপারে র্যাব মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাদ্য অধিদফতরের সিলযুক্ত বস্তায় ৪০ মেট্রিক টন চালসহ দুই ট্রাক আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চালের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়।
