বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশ্বমানের ক্লাউড সফটওয়্যার ও সলিউশন দিতে যাত্রা শুরু করছে ‘ডেস্কেরা’। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে এবার বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ডেস্কেরা। এ কোম্পানিকে দেশে নিয়ে এসেছে সেবা টেকনোলজিস লিমিটেড। ডেস্কেরা বাংলাদেশের স্থানীয় এই কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। সেবা টেকনোলজিস লিমিটেড সেবা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
বাংলাদেশের বাজারে অনেক বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে ডেস্কেরা-সিইও শশাঙ্ক দীক্ষিত বলেন, ‘এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ডিজিটালাইজেশনে অনেক এগিয়ে যাচ্ছে। তাই এ দেশে আমরা বিনিয়োগ করতে চাই। আমাদের এ বর্ধিত বিনিয়োগ এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।’
তিনি বলেন, ‘একটি কোম্পানির চাহিদা মতো কমপ্লিট সফওয়্যার সলিউশন প্রদান করে ডেস্কেরা। আমাদের লক্ষ্য সাশ্রয়ী দামে বিশ্বমানের সকল ছোট-মাঝারি কোম্পানির সব ধরনের সফটওয়্যার সলিউশন দেওয়া। কাস্টমারকে সন্তুষ্ট রাখতে সকল ধরনের সেবা দেওয়া হয়।’
ডেস্কেরা’র গ্লোবাল হেড চ্যানেল ও অ্যালায়েন্স হেমান্ত দাত্তাত্রেয়া বলেন, ‘সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অর্থনীতিক প্রবৃদ্ধি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি মনে করি, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের শক্তিশালী ২৮টি দেশের মধ্যে বাংলাদেশও থাকবে। আমরাও এ সফলতার সাথে শামিল হতে চাই।’
হেমান্ত বলেন, ‘আমাদের স্থানীয় পার্টনার সেবা টেকনোলজি লিমিটেড সরকারের ডিজিটাল বাংলাদেশে গড়ার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আমরাও অঙ্গীকার করছি, বিশ্বমানের সফটওয়্যার ও সলিউশন সেবা দিয়ে এ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাব।’
ডেস্কেরা সর্বদাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই ছোট উদ্যোক্তারা বাংলাদেশে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। আর এসব উদ্যোক্তারাই একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। আইএমএফ’র ২০১২ সালের প্রতিবেদন অনুয়ায়ী, ৯৯ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ নিয়েই তাদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছে এবং তারাই ৭০-৮০ শতাংশ বেকার জনগোষ্ঠীর চাকরির সুযোগ তৈরি করেছে।
সেবা টেকনোলজিস’র সিওও রিয়াজ উ, আহমেদ বলেন, ‘অনেক দক্ষতা ও কোয়ালিটি মেইনটেইন করে বিশ্বমানের সফটওয়্যার সলিউশন সেবা দিয়ে থাকে ডেস্কেরা। এ দেশেও এ ধরনের কোম্পানির খুব প্রয়োজন। আমাদের পথচালায় ডেস্কেরাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। যৌথ উদ্যোগে আমরাও এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সেবা টেকনোলজিস লিমিটেডও পাশে থাকবে। আমরাও দেশের ডিজিটালাইজেশনে অবদান রাখছি। এবার আরও একধাপ এগিয়ে যাব। একত্রে এই উদ্যোগকে এগিয় নিয়ে যাব। বিশ্বায়নের প্রতিযোগিতায় লড়ব।’
ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের জিডিপি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এদেশের জনগণ খুব দ্রুতই নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারে। গত আট বছরে ডেস্কেরা বিশ্বব্যাপী ক্লাউড বেজড সফটওয়্যার সেবা প্রদার করে আসছে। প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এবং প্রায় ৮০ হাজার ব্যবহারকারী ডেস্কেরার ইআরপি ও অন্যান্য সফটওয়্যার ব্যবহার করছে। এ কোম্পানিটি গত বছরে তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন অবদানের জন্য পুরস্কৃত হয়েছে। ইতোমধ্যে আবিষ্কার এবং প্রযুক্তিতে আয়ের শীর্ষে থাকার কারণে ডেস্কেরাকে এশিয়া এন্টারপ্রাইজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়েছে।
