ঝিনাইদহের ৬ উপজেলার ৯৪৩ মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আত্মসমর্পণ করেছেন।
সোমবার বিকালে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তারা আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানের শুরুতে আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানে অতিথিরা।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, এই অঞ্চলের সন্ত্রাসী ও চরমপন্থীদের দমন করে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। একইভাবে মাদকমুক্ত সমাজ ও জঙ্গিবাদ দমন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সংসদ সদস্য নবী নেওয়াজ, আনোয়ারুল আজীম আনার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাবিবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
