বিরামহীন প্রচারণায় মুখর গোমতী পাড়ের নগরী

আপডেট : ২১ মার্চ ২০১৭, ০১:৫৭

আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের পক্ষে নেতা-কর্মীদের বিরামহীন প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোমতী পাড়ের কুমিল্লা নগরী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও প্রচারণা। বিশেষ করে প্রধান দুই দলের মেয়র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় নগর জুড়ে এক ভিন্ন আমেজ সৃষ্টি হয়েছে।

রবিবার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও ভোট চান। এছাড়াও উভয় দলের প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষে উঠোন বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের স্নায়ুচাপ ততই বাড়ছে। তবে কে হতে যাচ্ছেন কুসিকের দ্বিতীয় মেয়র? এ নিয়ে নগর জুড়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। প্রার্থীরাও ভোটের মাঠে নানা সমীকরণ চালাচ্ছেন। এদিকে রবিবার নির্বাচন কমিশন থেকে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলামকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ায় ভোটের মাঠে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিএনপি প্রার্থীর অভিযোগের পর ওই ওসিকে প্রত্যাহারের আদেশ হওয়ায় বিএনপি প্রার্থী ও দলের স্থানীয় নেতা-কর্মীরা অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন।

বিএনপি প্রার্থী সাক্কু জানান, নির্বাচন কমিশনারের কাছে আমার এক কর্মীকে আটক করে হয়রানির বিষয়টি জানিয়ে ছিলাম। নির্বাচনকালীন সময়ে এভাবে আটকের ঘটনা কাম্য নয় বলে ছিলাম। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করি।

ইত্তেফাক/নূহু