বৃষ্টি হলেই ভ্রূ কুচকে যায় মুরাদনগর থানা ও নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝে অবস্থিত সাবরেজিস্ট্রি সড়ক দিয়ে যাতায়াত করা লোকদের। কারণ সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি।
সড়কটি নিচু হওয়ায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু তা দেখার যেন কেউ নেই।
থানার দক্ষিণ পাশে দেয়াল ঘেঁষা ও উপজেলা সদরের একমাত্র বালিকা বিদ্যালয় মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয় উত্তর পাশের দেয়াল ঘেঁষা। দুটি প্রতিষ্ঠানের মাঝ দিয়ে চলে গেছে সাবরেজিস্ট্রি অফিসের সড়কটি। বালিকা বিদ্যালয়ে রয়েছে প্রায় এক হাজার সাতশ’ শিক্ষার্থী। এর আশপাশে রয়েছে আরো কয়েক হাজার লোকের বসবাস। এ সড়ক দিয়ে আরো যাতায়াত করে মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল ও মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে থাকে। বিশেষ করে মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও সাবরেজিস্ট্রি অফিসে যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই। ড্রেনেজ সিস্টেম না থাকায় এ সড়কে পানি জমে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বলেন, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
