খুলনায় শেফালী বণিক (৬০) নামের এক বৃদ্ধাকে হত্যার দায়ে স্বজল বণিক (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর রাতে ডাকাতিকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধা শেফালীকে হত্যা করেছিলো স্বজল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৮ নভেম্বর রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৯৬, চারাবাটি বয়রা মেইন রোডের টেক্সটাইল মিল মসজিদের পাশের গলির আব্দুল হালিমের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার বাসায় বৃদ্ধা শেফালী বণিক একা ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসায় ২৯/১ সোনাডাঙ্গা ইব্রাহিম মিয়া গলির বাসিন্দা তপন বণিকের ছেলে স্বজল বণিক (২৪) ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় সে ঘরে থাকা শেফালী বণিকের গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন। সে সময় স্বজল ওই ঘরে থাকা ধারালো বটি দিয়ে শেফালী বণিককে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ওই ঘরে শেফালী বণিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বাসার বাথরুমে লুকিয়ে থাকা ঘাতক স্বজলকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী স্বজলকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বহুতল ভবনে আগুন থেকে রক্ষার বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
এ ঘটনায় পরের দিন নিহত শেফালীর ছেলে মানস বণিক নারায়ণ বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউদ্দিন স্বজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।
ইত্তেফাক/কেকে
