কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া মাঠে গরু ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে এক ছিনতাইকারী আহত হয়েছে। পুলিশ অপর এক ছিনতাইকারীকে আটক করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা মাঠের মধ্যে একদল ছিনতাইকারী সড়কের উপরে কাঠের গুঁড়ি দিয়ে গরু ব্যবসায়ীদের তিনটি শ্যালোমেশিন চালিত আলগামনের গতিরোধ করে অস্ত্রের মুখে আট লক্ষ তিরানব্বই হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় গরু ব্যবসায়ীদের চিত্কারে পাশ্ববর্তী এলাকায় টহলরত পুলিশ ছুটে এসে ছিনতাইকারীদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা পুলিশ কে লক্ষ্য গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি চালালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ পাশ্ববর্তী তামাক ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় সালাম (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করে। পরে সালামের দেয়া তথ্যের ভিত্তিতে শরিফুল (৪৫) নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। তবে, ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, ছিনতাইকারীরা ১৫ রাউন্ড গুলি চালায়। এর জবাবে পুলিশ ১৩ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এছাড়া অন্য ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
