জয়পুরহাটের আক্কেলপুরে সরকারিভাবে নির্মাণকৃত এক মুক্তিযোদ্ধার বাড়ি হস্তান্তরের আগেই দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে উপজেলার জালালপুর গ্রামে শ্রীঅতুল চন্দ্র মণ্ডল নামে এক মুক্তিযোদ্ধাকে বাড়িটি নির্মাণ করে দেয়া হচ্ছে।
দরপত্রের শর্ত অনুয়াযী ছয় মাসের মধ্যে বাড়িটি নির্মাণের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার চৌদ্দ মাসেও শেষ করতে পারেনি।
সোমবার বিকেলে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকার আদলে বাড়িটি লাল-সবুজ রঙ করা হয়েছে। ঘরের দরজা এখনো লাগানো হলেও বৈদ্যুতিক কাজ করা হয়নি। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখা গেল, একটি ঘরের দেয়ালের পলেস্তরায় তিনটি স্থানে ও ছাদে ফাটল ধরেছে।
মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র মণ্ডল বলেন, একই সঙ্গে অন্য মুক্তিযোদ্ধাদের বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল। নির্দিষ্ট সময়ে তারা বাড়ি বুঝিয়ে পেয়েছেন। বাড়িটি ছয় মাসে হস্তান্তরের কথা ছিল। কিন্ত চৌদ্দ মাসেও বাড়িটি সম্পূর্ন হয়নি। বাড়ি নির্মাণের শুরুতেই দুএকদিন সংশ্লিষ্ট ঠিকাদার এসেছিলেন। এরপর ঠিকাদার আর এখানে আসেননি। ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে বাড়িটি নির্মাণ করেছেন। কাজটি তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী এসে চেয়ার পেতে রাস্তায় কিছুক্ষণ বসে থেকে চলে যেতেন।
মের্সাস সাইদুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক পরিচয় দিয়ে মোজাম্মেল হক পিন্টু নামে একব্যক্তি মুঠোফোনে বলেন, মুক্তিযোদ্ধার বাড়ি কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সেটি সমাধানের পর বাড়িটি হস্তান্তর করাহবে। বাড়িটি নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।
