চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হলের দারোয়ান জাহাঙ্গীর আলম (৩৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হলের দারোয়ান জাহাঙ্গীর ডিউটিরত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে হলের বাইরে যান। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে অচেতন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পাশে পড়ে থাকতে দেখে। তারা জাহাঙ্গীরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ড. পারভেজ বলেন, অচেতন অবস্থায় কয়েকজন শিক্ষার্থী জাহাঙ্গীরকে নিয়ে আসে। তবে তার পেটে ও পায়ে ছুরির গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি।
ইত্তেফাক/নূহু
