টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার দুপুরে সংগঠনের নব নির্বাচিত সভাপতি এ এম এম সালেহ, মহা-সচিব খায়রুল আলম প্রিন্সের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এরপর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর উপদেষ্টা ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহা-সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপির নেতৃত্বে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় কৃষিবিদ ইনস্টিটিউশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. শহিদুর রশিদ ভুইয়া, দপ্তর সম্পাদক এমএম মিজানুর রহমানসহ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
