মুক্তিপণ দাবিতে তিন জেলেকে অপহরণ

আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:১১
মুক্তিপণ দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা।
 
দেড় লাখ টাকা মুক্তিপণ দাবিতে বুধবার ভোরে সুন্দবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরণ করা হয়। 
 
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৩৫), একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪০) ও একই উপজেলার কেওড়াতলা গ্রামের নিরঞ্জন মণ্ডল (২৮)। 
 
ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবু জানান, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী বুধবার ভোরে মাছ ধরার সময় দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা ওই তিন জেলেকে অপহরণ করে। 
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়নি।