সুন্দরগঞ্জ উপ-নির্বাচন: ৫৩ কেন্দ্রের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২২ মার্চ ২০১৭, ২০:১৪
 
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। কিছু কেন্দ্রে জাল ভোট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। এখন প্রতিটি কেন্দ্রে ভোট গননা চলছে।
 
রিটানিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুন্দরগঞ্জের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩৪ হাজার ৯৪২ এবং নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ পেয়েছেন ৩৪ হাজার ২০২।
 
উল্লেখ্য, গতবছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।