মুসলিমদের নিয়ে বক্তব্য দিয়ে বিভিন্ন সময়ে আলোচিত হওয়া ভারতের উত্তরপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ওই রাজ্যের বরেলী, গাজিপুর ও আমেথি জেলা থেকে তিনটি পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনই হচ্ছেন মুসলিম।
আমেথির পুলিশ বলেছে, "আনস সিদ্দিকি নামে এক যুবককে আমরা গ্রেপ্তার করেছি মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর পোস্ট করেছিলেন বলে।" আবার বরেলীর ফরিদপুর থানা এলাকা থেকে সলমান আনসারি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রীর ছবি এডিট করে একটি অশ্লীল ছবি বানিয়ে তা শেয়ার করার জন্য।
গাজীপুর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল রেজ্জাক। তিনিও যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি বানিয়ে শেয়ার করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনজনের বিরুদ্ধেই তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। গত রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ। গোরখপুরের একটি প্রখ্যাত হিন্দু তীর্থক্ষেত্রের প্রধান তিনি।
এছাড়াও প্রায় দু দশকেরও বেশী সময় ধরে তিনি রাজনীতি করছেন। তার মুসলিম বিরোধী নানা মন্তব্য ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সেকারণেই যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশে অনেক মুসলমানের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে অনেকে জানিয়েছেন। যদিও এবারের ভোটে বি জে পি মুসলমান ভোটারদের একটা অংশের সমর্থন পেয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। বিবিসি।
