টেকনাফে আটটি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২২ মার্চ ২০১৭, ২০:৪১
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক ডাকাতকে আটক করেছে র‌্যাব। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র ও ১১টি গুলি উদ্ধার করা হয়।
 
বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিপিসি ক্যাম্প-২ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন।
 
তিনি বলেন, অবৈধ অস্ত্র মজুদ করে ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টায় শামলাপুর বাজারে অভিযান চালিয়ে নুরুল আলমকে আটক করা হয়। তিনি শামলাপুর জাহাজপুরা এলাকার ইজ্জত আলীর ছেলে। পরে প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি তল্লাশি চালিয়ে আটটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও ১১টি গুলি উদ্ধার করা হয়।