ধোবাউড়ায় সড়ক ও ব্রিজ মরণ ফাঁদে পরিণত

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০২:০৩

উপজেলার কলসিন্দুর রনসিংহপুর ভায়া শিবগঞ্জ পাকা সড়কের গৌরিপুর নামক স্থানে আমজাদীয়া নুরাণী মাদ্রাসার পূর্বপাশে এলজিইডি নির্মিত সড়কের ব্রিজটি ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়া এই পাকা সড়কটিতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তারপরও প্রয়োজনের তাগিদে এ সড়ক দিয়ে জীবন বাজী রেখে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করছে। বর্ষা মৌসুম শুরুর আগে সড়কটি ও এই মুহূর্তে ব্রিজটি মেরামত না করলে যে কোনো মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া কলসিন্দুর হতে ধোবাউড়া তারাকান্দা সড়কের বেহাল অবস্থা হলেও  যেন দেখার কেউ নেই।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, জলব্রিজটি মেরামত ও এই সড়কেই আরো একটি ব্রিজ ভেঙে যাওয়ায় তা মেরামতের জন্য ময়মনসিংহ নির্বাহী প্রকৗশলী বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কলসিন্দুর ৬ কিলোমিটার সড়ক মেরামতের জন্যও অ্যাস্টিমেট পাঠানো হয়েছে, ধোবাউড়া গোয়াতলা থেকে তারাকান্দা পর্যন্ত সড়ক টেন্ডার হয়েছে, এ মাসের ২৮ তারিখ দরপত্র জমা দেওয়ার তারিখ। ধোবাউড়া উপজেলার সাথে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একমাত্র সংযোগ সড়ক, কলসিন্দুর-শিবগঞ্জ সড়ক ও জলব্রিজ এবং গোয়াতলা-তারাকান্দ সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ইত্তেফাক/নূহু