অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্রিজটি কোনো কাজেই আসছে না। যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীরা ব্রিজ পার হতে গিয়েই ঘটছে দুঘর্টনা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার মৌলভীবাজার গ্রামে বত্রিশ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি বর্তমানে অব্যবহূত অবস্থায় পড়ে আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরে মুসলিমপাড়া খালের উপর ব্রিজটি বরাদ্দ দেওয়া হয়। ৪০ফুট দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ কাজ উপজেলা পিআইও অফিসের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণকারী প্রতিষ্ঠান রোড় অ্যাপ্রোচের কাজ রেখে তড়িঘড়ি করে ব্রিজটি নির্মাণ করেছে। ব্রিজের দু‘পাশে রোড় অ্যাপ্রোচ না থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষার আগে অ্যাপ্রোচের কাজ না করলে বর্ষা মৌসুমে চলাচলে কষ্ট হবে। এমনকি ব্রিজ পার হতে গিয়ে পথচারীরা দুঘর্টনায় পড়তে পারে।
স্থানীয়রা জানায়, বর্ষার আগে রোড় অ্যাপ্রোচের কাজ না করলে শিক্ষার্থীসহ সর্ব সাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিবে। হ্নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদুল আলম জানান, সড়ক অ্যাপ্রোচের কাজ বাকী থাকায় ব্রিজটি দিয়ে চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে। অনেক সময় চলাচল করতে গিয়ে শিশু এবং বৃদ্ধরা পড়ে আহত হয়েছেন। জনস্বার্থে তিনি দ্রুত অ্যাপ্রোচের কাজ বাস্তবায়নের দাবী জানান।
পিআইও অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ রানা সায়েম জানান, ব্রীজ নির্মাণ প্রকল্পে রোড় অ্যাপ্রোচের কাজ করার কথা ছিল। নির্মাণকারী প্রতিষ্ঠানকে ব্রিজের দু‘পাশে সড়ক অ্যাপ্রোচের কাজ করে দিতে একাধিকবার বলা হয়েছে। অ্যাপ্রোচের কাজ আদায় করতে বিলের কিছু অংশ এখনো কেটে রাখা হয়েছে।
ইত্তেফাক/নূহু
