নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৯:১৫
 
নওগাঁর নজিপুর সড়কে বুধবার সন্ধ্যায় একটি ভটভটিকে বাস ধাক্কা দিলে ভটভটির চালকসহ অপর একজনের মৃত্যু হয়েছে। 
 
নিহতের পরিবার ও থানা সুত্রে জানা যায়, নওগাঁ নজিপুর ইউনিয়নের ফহিমপুর মোড়ের সন্নিকটে গতকাল বুধবার সন্ধ্যায় নজিপুর মুখি একটি ভটভটিকে নওগাঁগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভটভটি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় ভটভটির একজন আরোহী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। 
 
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভটভটি চালকের মৃতদেহ উদ্ধার করে এবং সুজাইল মোড় এলাকা থেকে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে যায়। 
 
নিহত দুইজন হলেন- ভটভটির চালক নজিপুর হরিরামপুর এলাকার মোহাম্মদ আলী সরদারের ছেলে আব্দুস সালাম (৩৫) ও ভটভটি আরোহী নজিপুর ঈদগাঁ পাড়ার বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে সুমন (৩০)। 
 
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।