‘ব্যক্তিগত ক্ষতি হলেও আমি সিনেমার স্বার্থেই কাজ করেছি’

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২০:৫০

চিত্রনায়ক জায়েদ খান। এই পরিচয় ছাড়াও তিনি বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে তার এ বছরের প্রথম সিনেমা। সেই প্রসঙ্গের পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রসঙ্গ ও শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন

মোস্তাফিজ মিঠু

এ বছর আপনার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাই—

আগামী ৫ এপ্রিল ‘প্রতিশোধের আগুন’ শিরোনামে আমার সিনেমা মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। এতে আমার বিপরীতে মৌ খান অভিনয় করেছেন। সিনেমাটি রোমান্টিক ও অ্যাকশনধর্মী। মোট ৮০টির বেশি হলে সিনেমাটি মুক্তি পাবে।

 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেওয়ার পর আপনার সিনেমার সংখ্যা কমেছে। এটি ক্যারিয়ারের জন্য নেতিবাচক প্রভাব মনে করেন কী?

নেতিবাচক প্রভাব আমি মনে করি না। কারণ ব্যক্তিগত ক্ষতি হলেও আমি সিনেমার স্বার্থেই কাজ করেছি। এমন না যে, আমি বাইরে আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে কাজটি করতে পারিনি। আমি সিনেমার মধ্যেই ছিলাম। সিনেমার স্বার্থে কাজ করেছি।

 

চলতি বছরে আবারো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে আপনার পরিকল্পনা কী?

আমি আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবো। আমার ক্যারিয়ারের শুরু থেকে বলে এসেছি আমি শুধু সিনেমা করতে চাই না। ক্যারিয়ারে বাইরেও ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই।

 

গত ২ বছরে সংগঠন থেকে উল্লেখযোগ্য কী কী কাজ করেছেন আপনারা?

বেশকিছু কাজ করেছি। সেগুলো গণমাধ্যমেও এসেছে। আমরা দেশের সিনেমার পক্ষে কথা বলেছি। যৌথ প্রযোজনাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আমাদের সংগঠন কাজ করেছে। এছাড়া আমরা শিল্পীদের সাংগঠনিক করতে পেরেছি বলে মনে করি। এক সময় এফডিসিতে অনেক সিনিয়র শিল্পী আসতেন না। নানা অভিমানের কারণে তারা দূরে ছিলেন। তাদের সাথে আমরা এফডিসিতে বসতে পেরেছি। তাদের উপদেশ নিয়েছি।

 

দেশের অনেক অভিনয়শিল্পী কলকাতায় অভিনয় করছেন। আপনার কাছে এমন প্রস্তাব কী এসেছে?

আমি বেশকিছু কলকাতার সিনেমার প্রস্তাব পেয়েছি। বিশেষ করে আমি সংগঠনের পদে আসার পর অনেক লোভনীয় প্রস্তাবও পেয়েছি। তবে আমি নিজের দেশের কথাই ভেবেছি।