গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:৪৬
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মো. বাবুল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির নছর মার্কেট রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত বাবুল (৫০) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ইট-বালি সরবরাহের ঠিকাদারি করতেন। 
 
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাবুল মোটরসাইকেল যোগে কোনাবাড়ির একটি প্রকল্প থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে তার  একটি হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যায়।