সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুযাত্রী ঘটনাস্থলেই নিহত ও অন্তত ৪২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৮ জনকে সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের প্রধান ইন্সপেক্টর মাহাবুব উজ-জামান জানান- ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা থেকে বগুড়াগামী বাস হাই ট্রাভেলস( ঢাকা মেট্রো-ব- ১৪-০৭০৩) ও গাইবান্ধা থেকে ঢাকা অভিমুখী বাস নওগাঁ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব- ১১-৯৫৯৩) মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিহত হয় আকাশ (১০) নামের শিশু। গুরুতর আহত হয় একই পরিবারের আরো ৩ জন শিশু। এরা হল- হাসান (৮), হাবিবা (৩) ও ইলমা (১০)। অন্যান্য গুরুতর আহতরা হলেন- শিরিন খাতুন(৪০), ফেলো খাতুন (৩০), হাজেরা খাতুন(৩০) ও শিহাব রানা (৮)। নিহত শিশুর পিতার নাম মিজানুর রহমান। এরা সবাই দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাসিন্দা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বাস দু’টি উদ্ধার করে। বাস দুটি হাইকুমরুল হাইওয়ে থানা হেফাজতে। থানায় মামলা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রাজিবুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
