হাইকোর্টের নির্দেশনার দেড়বছর পর অবশেষে বৃহস্পতিবার ভোলা শহরের ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ভোলা জেলা প্রশাসক মোহাঃ সেলিমউদ্দিনের নেতৃত্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে শ্রমিক নিয়ে শহরের মোল্লা ব্রিজ থেকে ভোলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
ভোলা জেলা প্রশাসক মোহাঃ সেলিমউদ্দিন জানান, ভোলা খালের মোল্লা ব্রিজ থেকে বাংলা স্কুল ব্রিজ পর্যন্ত ১৪৫টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে খালের পূর্বপাশে ২৫টি এবং পশ্চিম পাশে পৌরসভার ১০২টি ও ব্যক্তিমালিকানার ২৩টি অবৈধ স্থাপনা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে দখলদারদের নোটিস দেয়া হয়েছিল। নোটিসে তাদের স্ব-উদ্যোগে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট দাখিল করে। পরে ওই বছরের ৪ মে আদালত ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেয়।
ইত্তেফাক/নূহু
