সন্তানদের নিষ্ঠুরতায় বৃদ্ধ হাসপাতালে!

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০০:৫৩

রাজশাহীর বাঘায় সন্তানদের নিষ্ঠুরতায় এক মুঠো ভাতের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধ। আত্ম সম্মানের ভয়ে ভিক্ষা করতে না পারলেও রোগী না হয়ে রোগীর খাতায় নাম লিখিয়েছেন তিনি। ৮৫ বছর বয়সী নুর মোহাম্মদ এর ভরসা এখন ডাক্তার।

নুর মোহাম্মদের বাড়ি বাঘা পৌরসভার ৭নং ওয়ার্ড মিলিক বাঘা গ্রামে। তার মাসিক আয় বলতে বয়স্ক ভাতা থেকে প্রাপ্ত ৪শ’ টাকা। পিতা জুনাব আলী অনেক আগেই এ পৃথিবীর মায়া ছেড়েছেন। সম্পদ বলতে ১০ কাটা জমি ৫ ছেলের দখলে। তার দুঃখ কোনো সন্তানই তাকে ভাত কাপড় দেন না। তাই নিরুপায় হয়ে হাসপাতালে জায়গা করে নিয়েছেন। তার স্ত্রী রাজিয়া সত্তর (৭০) বছর বয়সে অন্যের বাড়িতে কাজ করে আর এক মাত্র মেয়ের কাছ থেকে যা পান তাই দিয়ে পেটের ক্ষুধা মেটান।

বাঘা স্বাস্থ্য কেন্দ্রের (টিএইচএ) ডা. আসাদুজ্জামান জানান, নূর মোহাম্মদ গত ৬ মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছে। তার বিশেষ কোনো অসুখ নেই। বয়স হওয়ার কারণে আমরা কিছু ভিটামিন দিয়ে থাকি। তার প্রধান সমস্যা ক্ষুধা। তিনি বলেন, কখনো-কখনো তাকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হাত-পা ধরে কান্না কাটি শুরু করে। “যেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য ময়’’। তাই মানবিক কারণে তাকে ভর্তি রেখেছি।

এদিকে নূর মোহাম্মদকে হাসপাতালের বিছানায় দেখতে এসে সাবেক বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা বলেন, এই ঘটনাটি আমার জানা ছিল না। আজকেই প্রথম শুনেছি। তিনি এ বিষয়ে নুর মোহাম্মদের সন্তানদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

ইত্তেফাক/নূহু