খুলনার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক (ইন্সট্রাক্টর-শারীরিক শিক্ষা) মাহবুব মোস্তফাকে (৩৬) গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে নগরীর পিটিআই মোড়ের অদূরে নিজ ভাড়াটিয়া বাসার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। মাহবুব মোস্তফাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা শুক্রবার পিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে পিটিআই মোড়ের কাছে খানজাহান আলী রোডের সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চত্বরের বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন যুবক পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পেছন দিক থেকে মাহবুব মোস্তফাকে গুলি করা হয়েছে। গুলিটি তার কোমরের নিচে বিদ্ধ হয়েছে।
